ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক স্কুলছাত্রকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ রফিকুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মাকসুদুল আলমকে তলব করেছে হাইকোর্ট।
একইসঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ স্বতোপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাজাহানকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ওই স্কুলছাত্রকে দুই বছর কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান। এরপর দণ্ডপ্রাপ্ত স্কুলশিক্ষার্থী সাব্বির শিকদারের জামিন মঞ্জুর করেন আদালত।
/ইউআই/এসটি/