পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

আগুনরাজধানীর পুরান ঢাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রেজাউল করিম (২৭), তার স্ত্রী রানি (২২), দুই মেয়ে আনিকা (৩) ও সানজিদা জুঁই (২)। রাত তিনটার দিকে বাড়ির মালিক মো জাহাঙ্গির তাদের ঢামেকে নিয়ে আসেন।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, দগ্ধদের কেউই আশঙ্কামুক্ত নন। রেজাউলের ১৪ শতাংশ, রানির ২৬ শতাংশ, আনিকার ২৬ শতাংশ ও জুঁইয়ের ৪৭ শতাংশ শরীর পুড়ে গেছে।

রানি জানান, তারা পুরান ঢাকার চকবাজার থানাধীন পোস্তা চামড়া পট্টির ৭৬/৭৭/২/১ নং বাসায় ভাড়া থাকেন। রাতে বাসায় বিদ্যুৎ চলে যাওয়াতে মোমবাতি জ্বালানোর জন্য দিয়াশলাই ঘষার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ঘরে।

রানি আরও জানান, বাসায় গ্যাসের মতো গন্ধ পাওয়া যাচ্ছিল। তার ধারণা বাসায় গ্যাসের লাইনে লিকেজ থাকতে পারে। যার কারণে দিয়াশলাইয়ে বারুদ ঘষার সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে।

ডিএমসি পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তির সত্যতা নিশ্চিত করেছেন।

/এআইবি/এএ/