পার্বত্য অঞ্চলে ভূমি অধিগ্রহণে সমতলের সমান মূল্য নির্ধারণের সুপারিশ

 

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমি অধিগ্রহণের সময় সমতলের অনুরূপ হারে মূল্য নির্ধারণের সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  

বৈঠকে তিন পার্বত্য জেলায় ডাক্তার ও শিক্ষকের শূন্যপদ পূরণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ১০টি প্রাথমিক বিদ্যালয়কে তিন মাসের মধ্যে সরকারিকরণ এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একজন ডাক্তার বদলি হলে বদলিকৃত পদের বিপরীতে অন্য একজন ডাক্তারকে নিয়োগের এবং পার্বত্য অঞ্চলে নিয়োজিত কর্মকর্তাদের বদলির অনুলিপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে পাঠানোর সুপারিশ করে।সরকারি এক তথ্য বিবরণীতে এসব কথা বলা হয়েছে।   

কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম এ আউয়াল বৈঠকে অংশ নেন। এ সসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রণালয়ের সচিব, প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএন/