ঈদে বিশেষ ছুটি ঘোষণা করায় শর্তমাফিক সরকারি অফিস খোলা রাখা হয়েছে শনিবার। কিন্তু, এ দিন অফিস শুরু হয়েছে ঢিলেঢালাভাবে। সকাল ৯টায় অফিস শুরুর সময়ে পুরো সচিবালয়ে দেখা মেলেনি কোনও সচিব ও মন্ত্রীর। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হতে দেখা যায়। মন্ত্রী ও সচিবদের অধিকাংশই অফিসে ঢোকেন বেলা ১১টার দিকে। সচিবালয়ের সামনে ও ভেতরে সরেজমিন পর্যবেক্ষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিন, সকাল ১০টা ৩ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব এমএ কাদের সরকার। মন্ত্রী ও সচিবরা না এলেও সচিবালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়েই অফিসে হাজির হয়েছেন।
সচিবালয় সূত্রে জানা গেছে, পাটমন্ত্রী ইয়াজউদ্দিন প্রামাণিক, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দেশে নেই। এছাড়া শনিবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস—এই তিন দেশ সফরে যাচ্ছেন। ব্যাংকিং সচিব ইউনুসুর রহমান তিনিও বর্তমানে বিদেশ সফরে আছেন। আর অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ আগে থেকেই বিদেশে আছেন। তাই অর্থ মন্ত্রণালয়ে আজ কোনও সচিব বা মন্ত্রী আসবেন না।
সচিবালয় সূত্রে জানা গেছে, শনিবার কর্মদিবস থাকলে একটু ঢিলেঢালাভাবেই সবাই অফিসে আসছেন। প্রথমত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নেই। দ্বিতীয়ত, যেহেতু আজ রিপ্লেসমেন্ট ওয়ার্কিং ডে, তাই পূর্বনির্ধারিত কোনও মিটিংও নেই।
এদিকে, সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকে দর্শনার্থীদের ভিড়ও খুব একটা নেই। কারণ অনেকেই জানে না যে, আজ সচিবালয় খোলা আছে।
প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর অফিস বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে অফিস খোলা রাখার আগেই সিদ্ধান্ত নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে শনিবার অফিস খোলা থাকার কথা জানানো হয়।
এর আগে ৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর রবিবার ছুটি ঘোষণা করায় ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হলো। এ কারণে আজ শনিবার কর্মদিবস হিসেবে পালিত হবে।
/এসআই/এসটি/টিএন/
এ সংক্রান্ত আরও খবর: ১০টা নাগাদ সচিবালয়ে একজন সচিব, নেই কোনও মন্ত্রী