উড়োজাহাজে স্যামসাং নোট-৭ এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারকারী ২৯টি এয়ারলাইন্সকে গত ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে তারা।
বিভিন্ন দেশে স্যামসাং নোট-৭ এর ব্যাটারিতে বিস্ফোরণের ঘটনা ঘটায় এই সতর্কতা জারি করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ( ফ্লাইট সেফটি ) মোহাম্মদ জিয়াউল কবির স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, প্লেনে ওঠার পর স্যামসাং নোট-৭ সচল রাখা যাবে না। চার্জেও দেওয়া যাবে না। কোনও লিথিয়াম আয়ন ব্যাটারি কিংবা ডিভাইসও ব্যাগে রাখা যাবে না। এসব ডিভাইস যাত্রীকে অবশ্যই হাতে রাখতে হবে।
অবশ্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিমানসংস্থাও একই নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে ভারতের বিমানেও স্যামসাং গ্যালাক্সি নোট-৭ নিয়ে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। আর বিমানে স্যামসাং ফোন নিয়ে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা (ডিজিসিএ)। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি নোট-৭ ব্যবহার বন্ধ করার আহবান করেছিল মার্কিন নিরাপত্তা সংস্থা।
/সিএ/টিএন/