সিডনি বন্দর দেখতে অস্ট্রেলিয়া গেছেন নৌমন্ত্রীসহ ৫ কর্মকর্তা

শাজাহান খাননৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সিডনি বন্দর পরিদর্শনের জন্য রবিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এম এম তারিকুল ইসলাম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিডনি বন্দর পরিদর্শনের ফলে চট্টগ্রাম এবং মংলা বন্দরের সাথে বিশ্বের উন্নত বন্দরসমূহের সম্পর্ক স্থাপন এবং অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান পহেলা অক্টোবর দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
/এসআই/ এপিএইচ/