হান্নান শাহ’র মরদেহ আসছে বিকালে

হান্নান শাহবিএনপির স্থায়ী কমিটির সদ্য প্রয়াত সদস্য আসম হান্নান শাহ’র মরদেহ সিঙ্গাপুর থেকে আজ বুধবার দেশে আসছে। এদিন বিকাল সাড়ে ৫টার দিকে  হযরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ‘হান্নান শাহ’র লাশ পৌঁছানোর পর সন্ধ্যার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার মহাখালী ডিওএইচএস এর বাসায় যাবেন।’
প্রসঙ্গত, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে সিঙ্গাপুরের স্থানীয় একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
বিএনপির দফতর থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস এর মসজিদে দ্বিতীয় জানাজা, সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা ও বাদ জোহর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হান্নান শাহ’রচতুর্থ জানাজা হবে। এরপর শুক্রবার সকাল ৯টায় গাজীপুরস্থ রাজবাড়ী মাঠে পঞ্চম জানাজা এবং সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট স্কুল মাঠে ষষ্ঠ জানাজা হবে। জুমার নামাজের পর কাপাসিয়ার ঘাগুটিয়া চালাবাজার হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  
এদিকে হান্নান শাহ’র মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত শোকবই উন্মুক্ত থাকবে। বুধবারও শোক বইয়ে স্বাক্ষর করছেন নেতাকর্মীরা।



এদিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। উত্তোলন করা হবে কালো পতাকা। এ ছাড়া শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশে দোয়া মাহফিল হবে।

 /এসটিএস/এআর/টিএন/