শিশু জিহাদ নিহতের ঘটনায় ছয় আসামির বিচার শুরু

 

শিশু জিহাদরাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপের মধ্যে পরে শিশু জিহাদ (৪) নিহতের ঘটনায় করা মামলার ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামান সব আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। বিচারক আগামী ১৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ (বি) ধারায় অভিযোগ গঠন করেন বিচারক।

এ মামলার আসামিরা হলেন- মোসার্স এসআর হাউজের প্রোপাইটার মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দিপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

আদালতে উপস্থিত ছয় আসামিকে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শওকত আলম অভিযোগ পড়ে শোনালে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেন।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে নিহত হয় শিশু জিহাদ। এ ঘটনায় জিহাদের বাবা মো. নাসির ফকির বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান চলতি বছরের ৩১ মার্চ ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ২৭ জনকে সাক্ষী করা হয়েছে।

/এসআইটি/এসএনএইচ/এসটি/