রাজউকে দুদকের অভিযানের সমালোচনা গণপূর্তমন্ত্রীর

 

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালনার নামে অসুবিধা সৃষ্টির তীব্র সমালোচনা করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দুদক রাজউকে অভিযান চালাক কোনও অসুবিধা নেই, তবে ডিস্টার্ব করলে অসুবিধা আছে। আমি মনে করি নোবডি ইজ ট্রান্সপারেন্ট।’ মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মন্ত্রী দুদক সম্পর্কে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ আবু সাদেক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে কিছু কিনতে গেলেই অর্থের উৎস জানতে চাওয়া হয়। এ কারণে অনেকে এখানে বিনিয়োগ করছেন না। তাদের টাকা সব বাইরে পাচার হয়ে যাচ্ছে। এদিকটা আমদের ভেবে দেখা দরকার।
প্রসঙ্গত, গত মাসে দুদক অভিযান চালিয়ে রাজউকের দু’জন সিনিয়র প্রকৌশলীকে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার করে জেলে পাঠিয়েছে।
অনুষ্ঠানে নিজের বক্তব্য শেষে মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত ‘গৃহায়ণ, নির্মাণ উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন করেন।

/ওএফ/এআর/টিএন/