জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটে দ্রুত রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের দাবি তুলেছেন শিক্ষকরা। দাবি আদায়ে আগামী ২০ অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন তারা। দাবি আদায় না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন বলেও শিক্ষকরা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ১১ টায় নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করাসহ আরও কয়েকটি দাবি তুলে ধরেন শিক্ষকরা।
শিক্ষকরা বলেন, অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও সক্রিয় উদ্যোগ দেখা করা যাচ্ছে না। তাদের অভিযোগ বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের হাতের মুঠোয় বন্দি।
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ মামুন বলেন, ‘সিনেটে ২৫ টি রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি দীর্ঘ কয়েক বছর ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। তারা যাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের স্বার্থের কথা বলছেন না। তারা এখন একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কাজ করছেন। এ অবস্থা বিশ্ববিদ্যালয়ে চলতে পারে না।’
শিক্ষকদের অভিযোগ, আগামী বছরের এপ্রিলে নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও সে অনুসারে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নিয়োগ কমিটিতে বাইরের সদস্য মনোনয়নের ক্ষেত্রে আজ্ঞাবহদের অগ্রাধিকার বন্ধ করার দাবি জানান শিক্ষকরা।
এছাড়া ছাত্রী হলগুলোর প্রভোস্ট পদে নারী শিক্ষক নিয়োগের আহ্বান জানান শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের এ টি এম আতিকুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের সৈয়দ কামরুল আহছান, গণিত বিভাগের মো. শরীফ উদ্দিন, বাংলা বিভাগের শামীমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের শামছুল আলম সেলিম, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সোহেল আহমেদ প্রমুখ।
/টিএন/