পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের ক্ষমতা কমিয়ে সংসদে বিল পাস





জাতীয় সংসদসংসদে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন বিল-২০১৬’ পাস হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হওয়া বিলে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের একক ক্ষমতা কমানো হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
গত মঙ্গলবার বিলটি ভূমিমন্ত্রী সংসদে তোলার পর তা পরীক্ষা করে একদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পার্বত্য আঞ্চলিক পরিষদের কোরাম ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইনে সংশোধনী আনতে বিলটি পাস করা হয়েছে। আগে কমিশন চেয়ারম্যানের সিদ্ধান্তই কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হতো।
বিলটি আইনে পরিণত হলে চেয়ারম্যানসহ উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে। চেয়ারম্যানের একক সিদ্ধান্তে আর কোনও বিষয় চূড়ান্ত হবে না।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ৯ সদস্যের মধ্যে চেয়ারম্যানসহ ২ জন উপস্থিত থাকলেই এতদিন কোরাম হতো।
বিলে বলা হয়েছে, কোরামের জন্য চেয়ারম্যানসহ অন্তত তিন সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে।
বিলে বলা হয়েছে, কমিশনের সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী পদে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতীয়দের অগ্রাধিকার প্রদানক্রমে স্থায়ী অধিবাসীদের নিয়োগ করা হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলতে গিয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান পার্বত্য শান্তি চুক্তির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘পার্বত্য চুক্তির আলোকে ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন প্রণয়ন করা হয়। আইন প্রণীত হওয়ার পর থেকে কমিশন তার নিয়মিত বৈঠক আহ্বান করলে কমিশনের উপজাতীয় সদস্যরা এ আইন সংশোধনের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে কমিশনের বৈঠকে অব্যাহতভাবে অনুপস্থিত থাকেন। সেই অচলাবস্থা দূর করার জন্য আইনটির সংশোধনের প্রয়োজনীয় দেখা দেয়।
/ইএইচএস/এমএনএইচ/