শরীরে অস্ত্রোপচারের পর নার্গিকে স্কয়ার হাসপাতালের আইসিইউ’তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়ছে। আইসিইউ এর সামনে থাকা প্রতিটি মানুষ প্রার্থনা করছেন তার জন্য। অন্য রোগীদের স্বজনরাও যেন হয়ে উঠেছেন নার্গিসের স্বজন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার পাশাপাশি তারা ঘাতক বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন।
নার্গিসের ভাই শাহীন আহমেদ তার বোনের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘দেশবাসীর কাছে আবেদন সবাই দোয়া করবেন আমার বোনের জন্য।’
ফেসবুকে অনেকে আজ শুক্রবার জুমার নামাজে নার্গিসের জন্য দোয়া করার অনুরোধ করেছেন। নৈরীতা নিশি নামে একজন লিখছেন, ‘আজ শুক্রবার পবিত্র জুমার দিন। বন্ধুরা আজ আপনারা যারা নামাজ আদায় করতে মসজিদে যাবেন তাদের নিকট আমার আকুল আবেদন আপনারা মন থেকে একবারের জন্য হলেও নার্গিসের জন্য দোয়া করবেন।’
তিনি আরও লিখেছেন, ‘হতে পারে আপনার দোয়ার কারণে মহান আল্লাহপাক নার্গিসের জীবন বাঁচিয়ে দেবেন। মহান আল্লাহপাক আমাদের সকলের দোয়া কবুল করুক, নার্গিসকে সুস্থ করে তার মায়ের বুকে ফিরিয়ে দিক, আমাদের সবাইকে সকল প্রকার বিপদ থেকে মুক্ত রাকুক। আমীন।’
শামীম আহমেদ নামে আরেকজন লিখেছেন, ‘নার্গিস হচ্ছে আমার পাশের গ্রামের। কিন্তু খুব কষ্ট লাগে মেয়েটির জন্য, বন্ধুদেরকে বলছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’
এদিকে, খাদিজার মামা আব্দুল বাসেদ বাংলা ট্রিবিউনকে শুক্রবার বলেন, ‘আমরা এখন নামাজে যাবো।ওর জন্য দোয়া চাইবো।’ এরপর আর কিছুক্ষণ কথা বলতে পারেননি। শোনা গেল শুধু কান্নার শব্দ।
তিনি বলেন, ‘আমাদের এই মেয়েটা পরিবারের সবার চেয়ে অন্যরকম। ওর জন্য সবাই দোয়া করছে যে যেখানে রয়েছে। আমরা সারা দেশের মানুষের কাছে আবেদন করছি, আপনারা আমাদের মেয়েটার জন্য দোয়া করেন। সবার দোয়ায় খোদা যদি মেয়েটাকে আবার আগের মতো করে দেন।’
তোমার জন্য সবাই অপেক্ষা করছে মন্তব্য করে ফেসবুকে লি কুড়িগ্রাম নামের একজন লিখেছেন, ‘চোখ খুলে তাকাও নার্গিস। এক বদরুলের কাছে তুমি হেরে যেও না। লক্ষ ইমরান তোমার বেঁচে থাকার প্রেরণা হবে, তুমি জেগে উঠে দেখো।’
আজ ৭ অক্টোবর চিকিৎসকদের পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা সময় পার হওয়ার পর নার্গিসের সর্বশেষ পরিস্থিতি জানানোর কথা থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, ‘তারা আরও সময় চান, পর্যবেক্ষণে রাখতে চান নার্গিসকে।’ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া নার্গিসের অবস্থা এখনও অপরিবর্তিত বলেই জানিয়েছেন তারা।
স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর এবং মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কন্সালট্যান্ট ডা. মির্জা নাজিমুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি মেডিক্যাল প্রসিডিউর। আগামীকাল (শনিবার) দুপুর ১২টায় খাদিজার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হবে।’
প্রসঙ্গত, সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন।
আরও পড়ুন: আজ নার্গিসের অবস্থা জানা যাবে না
/এসটি/এফএস/