হাড়িনালের জঙ্গি আস্তানায় নিহতদের পরিচয় মিলেছে, পাওয়া গেছে একে-২২

গাজীপুরের হাড়িনালের এই বাড়িটিতে অভিযান চালায় র‌্যাব

গাজীপুরের হাড়িনালের জঙ্গি আস্তানায় নিহতদের প্রাথমিক পরিচয় মিলেছে।  তারা হচ্ছেন রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম। তবে বাড়িওয়ালার কাছে থাকা ভাড়াটিয়া তথ্য ফরমের এই তথ্য সঠিক কিনা তা এখনও যাচাই বাছাই চলছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান শনিবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান। ওই বাড়ি থেকে একটি একে-২২, একটি নাইন এমএম পিস্তল, গুলিসহ আরও কিছু দ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মুফতি মাহমুদ জানান, বাড়ির মালিক আতাউর রহমানের কাছে থাকা ভাড়াটিয়া তথ্য ফরম অনুযায়ী নিহতরা হচ্ছে রাশেদ মিয়া এবং তৌহিদুল ইসলাম। তাদের বাড়ি নরসিংদীতে।  তবে তাদের এ পরিচয় সঠিক কিনা সে ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি।  তিনি আরও জানান,  বাড়িওয়ালাকে রাশেদ মিয়া জানিয়েছিল সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে পরীক্ষা দিয়েছে কিনা সে ব্যাপারে বাড়িওয়ালা নিশ্চিত নন। আর আতাউর রহমান গাজীপুরের জয়দেবপুরের ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) এর ছাত্র ছিল। 

এছাড়াও, পশ্চিম হারিনালের ওই জঙ্গি আস্তানা থেকে একটি একে- ২২ রাইফেল, একটি নাইন এমএম পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম, চাপাতি ও বেশ কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।  

শনিবার দুপুরে দুই জঙ্গি নিহত হওয়ার পর আস্তানা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর উপ পরিচালক মাহিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা পৌনে ১২টার দিকে ওই বাড়ির ভেতর থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে, গোপন সূত্রের খবরে ভোর বেলা থেকে ওই বাড়িটিতে অভিযান চালায় র‌্যাব। 

/এমও/টিএন/

আরও পড়ুন: হারিনালের বাড়িটি ভাড়া দেওয়া হয় এক মাস আগে