টানা ১২ দিনের আনুষ্ঠানিকতা শেষে আজ মর্ত্যলোক থেকে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় এই উৎসবের শেষ লগ্ন চলছে এখন। চোখের জলে তারা মায়ের আসনে বসানো দেবীকে বিদায় জানানোর সব প্রস্তুতি নিয়েছেন। মণ্ডপগুলোতে শোনা যাচ্ছে ভক্তদের হাহাকার। সমস্ত আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের জন্য বিভিন্ন জলাশয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে এখন বিদায়ের সুর। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ঢাক ও কাঁসর ঘণ্টা বাজিয়ে নৌকাযোগে প্রতিমাগুলি নদীতে বিসর্জন দেওয়া হবে। যেখানে নদী নেই সেখানে খাল, বিল বা বড় পুকুরে সম্পন্ন হবে বিসর্জনের সব প্রক্রিয়া।
এদিকে, সন্ধ্যার আগেই নগরীর সব মণ্ডপের প্রতিমার বিসর্জন সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। রাজধানী ও আশেপাশের প্রতিমাগুলো বুড়িগঙ্গা, তুরাগ ও আশুলিয়ার কাছের নদীগুলোতে বিসর্জন দেওয়া হবে।
সকালে শেষবারের মতো দেবীকে দর্শন ও পূজা করতে পূজা মণ্ডপগুলোতে ভিড় জমান ভক্তরা। আগামী শরতে আবার বাঙালি হিন্দুর ঘরে ঘরে ফিরে আসবেন মা দুর্গা সে কামনাতেই থাকবেন তারা। এবার রাজধানীতে ২২৯টিসহ সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হলো। গত শুক্রবার ষষ্ঠীতে বোধনের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ ও বরণ পালা শেষে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। শনিবার অশুভ শক্তিকে শোধন করে সবকিছু শুদ্ধে পরিণত করার মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমী। রবিবার মহাষ্ঠমীতে দেবীর কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা হয়। আজ মঙ্গলবার শাস্ত্রীয় ও লগ্ন অনুযায়ী মহাবিজয়া। সকাল থেকেই উৎসব ও মাকে বিদায় দেয়ার সব ধরনের প্রস্তুতি নিতে দেখা যায় ভক্তদের মধ্যে।
/ইউআই/টিএন/