মীর কাসেম আলীর পরিবারের জাহাজ আটকের নির্দেশ

আদালত

বকেয়া বেতন পরিশোধ না করায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া মীর কাসেম আলীর পরিবারের মালিকানাধীন ভোজ্যতেল পরিবহনকারী একটি জাহাজ আটকের নির্দেশ দিয়েছেন আদালত। ১০ অক্টোবর হাইকোর্ট বিভাগের অ্যাডমিরালটি একক বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে জাহাজের মালিকপক্ষকে আগামী ২১ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ‘এমটি ফজলে রাব্বি’ নামের ওই জাহাজটি পানামায় নিবন্ধিত।

১৮ জন কর্মকর্তা ও ক্রুর এক কোটি ৪৩ লাখ ১২ হাজার টাকা বকেয়া বেতন পরিশোধের জন্য ট্যাংকারটির ক্যাপ্টেন জুয়েল রহমান এর করা মামলা আমলে নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ নির্দেশ দেন।

বাদীর আইনজীবী জিনাত আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজ আটকের নির্দেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে পাঠানো হয়েছে।  জাহাজটি মীর কাসেমের ছেলে মাহমুদ বিন কাসেম পরিচালনা করেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৩ সেপ্টেম্বর মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়।

/ইউআই/টিএন/