সহযোগিতার নতুন ক্ষেত্র, জঙ্গি ও সন্ত্রাস দমনে সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফুল দিয়ে বরণ করে নেন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের মধ্য দিয়ে দুই দেশ কয়েকটি নতুন ক্ষেত্রে পারষ্পারিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনের বিষয়টিও আছে। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ কথা জানিয়েছেন।

শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর শহীদুল হক সাংবাদিকদের বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ক আছে। কিন্তু এর বাইরে নতুন কয়েকটি ক্ষেত্রে পারষ্পারিক সহযোগিতা তৈরি হবে।

শহীদুল হক বলেন, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বড় ধরনের ‘ব্রেকথ্রো’ এসেছে এবং এ খাতে বড় অংকের বিনিয়োগ হবে। এর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল কানেক্টিভিটি অর্জন করা যাবে।

এর আগে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, এই খাতে চীনের কাছে বাংলাদেশ ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইবে। পররাষ্ট্র সচিব বলেন, সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে নতুন একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন।

সামুদ্রিক ক্ষেত্রে দু’দেশ পারষ্পারিক সহযোগিতা দেবে এবং মেরিটাইম-এর বিভিন্ন বিষয় নিয়ে দুই সরকার আলোচনা করবে বলে জানান তিনি। পররাষ্ট্র সচিব জানান, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে প্রথমবারের মতো দু’দেশ একটি সমঝোতা স্মারকে সই করলো। তিনি বলেন, সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে দুই দেশের নেতা একমত হয়েছেন।

তিনি বলেন, এ জন্য সক্ষমতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান ও অন্যান্য বিষয় নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন-নতুন ক্ষেত্রে অনেক ধরনের নতুন উদ্যোগ সামনের দিনগুলোতে দেখা যাবে বলেও জানান তিনি।

/এসএসজেড/এআরএল/