পল্টনে সোনা চোরাচালান: প্রধান আসামি মোহাম্মদ আলীর জামিন স্থগিত

পল্টনে ২০১৪ সালে মোহাম্মদ আলীর বাসা থেকে বিপুল পরিমাণ সোনা ও দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার হয়। (ছবি ইন্টারনেট)

পল্টনে চাঞ্চল্যকর সোনা চোরাচালান মামলার প্রধান আসামি এসকে মোহাম্মদ আলীর জামিন আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। রবিবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ এ স্থগিতাদেশ দেন। আগামী ২ নভেম্বর ফুল বেঞ্চে এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে। গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মোহাম্মদ আলীকে জামিন দিয়েছিল।

পল্টনে বাসা থেকে বিপুল পরিমাণ সোনা ও দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

২০১৪ সালের ২৫ ডিসেম্বর গোপন তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী মোহাম্মদ আলীর পুরান পল্টনের ২৯/১ নম্বর বাড়ির ৬/এ নম্বর ফ্ল্যাটে ও পরে একই ভবনের ১১ তলায় অপর একটি ফ্ল্যাটে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। এ সময় তার দুটি ফ্ল্যাট থেকে ৬১ কেজি ওজনের ৫২৮টি সোনার বার ও ৫ বস্তা দেশি-বিদেশি মুদ্রা উদ্ধারসহ তাকে আটক করে শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ পরিচালক মুস্তাফিজুর রহমান বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় তাকে। এ মামলায় জামিন চেয়ে আদালতে আবেদন করলে গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মোহাম্মদ আলীকে জামিন দেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে এই জামিন বাতিলের আবেদন জানিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালে চেম্বার জজ আদালতে সরকার পক্ষে আপিল পিটিশন দায়ের করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।এদিন বিকেলে শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে ফুল বেঞ্চে শুনানির তারিখ নির্ধারণ করেন।

পল্টনে মোহাম্মদ আলীর বাসা থেকে বিপুল পরিমাণ সোনা ও মুদ্রা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। ছবি: ইন্টারনেট

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এই জামিন বাতিলে স্বস্তি প্রকাশ করছেন। তিনি বলেন, মামলার প্রধান আসামি জামিন পেলে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম ব্যাহত হতে পারে। একইসঙ্গে মামলাটির দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, এ মামলার অপর আসামি হচ্ছেন সিরাজগঞ্জ আওয়ামী লীগের নেতা ও সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ।

/ইউআই/টিএন/