ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রবেশ গেটে শনিবার অ্যাম্বুলেন্স চাপায় চার ব্যক্তি নিহতের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর একটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর, অপরটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এসব কমিটি গঠন করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক খাজা আবদুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে স্বাস্থ্য অধিফতরের পরিচালক (হাসপাতাল) কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির অপর দুই সদস্য হচ্ছে উপ-পরিচালক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্য অধিদফতরের উপ পরিচালক (শৃঙ্খলা)। তবে তাদের নাম এখনও জানা যায়নি। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, একই ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও চার সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করছে। ঢামেকের উপ-পরিচালক আবদুল গণিকে প্রধান করে ৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির বাকিরা হচ্ছেন- হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোজাম্মেল হক, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও মাজাহারুল ইসলাম।
উল্লেখ্য, গত শনিবার সকাল ৯টায় ঢামেক হাসপাতালের ভেতরে প্রবেশের সময় ‘মানব সেবা’ নামের একটি অ্যাম্বুলেন্সের চাপায় চার ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ওই গাড়িতে চালকের আসনে থাকা সোহেলকে আটক করে পুলিশ। পরে জানা যায় সে আসলে অ্যাম্বুলেন্সটির হেলপার। এ ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সটির চালক ও মালিক পলাতক রয়েছে। অন্যদিকে, এ ঘটনায় টনক নড়েছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের। তাদের নির্দেশে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সগুলোকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ।
/এআইবি/এমও/টিএ/