‘আইয়ুব খানের মতো হাসিনাও বাংলায় টিকতে পারবেন না’

IMG_20161030_114735_HDR

আইয়ুব খানের মতো বাংলায় হাসিনাও টিকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার( ৩০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ-এর জন্য আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার মূলমন্ত্র উন্নয়নের গণতন্ত্র- আওয়ামী লীগের এ শ্লোগানের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘উন্নয়নের ওপর নির্ভর করে আইয়ুব খানও দেশ শাসন করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকে থাকতে পারেননি। আজকে একইভাবে আওয়ামী লীগ বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ ও জনগণের ভোটাধিকার হরণ করে দেশ পরিচালনা করছে। এ ধরনের শাসনে আইয়ুব খান থাকতে পারেননি, হাসিনাও পারবেন না।’

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পেশাজীবী ও শিক্ষার্থীসহ সব  শ্রেণির লোকজনকে এগিয়ে আসতে হবে। অন্যথায় জাতি যে সংকটের মধ্যে আছে এই সংকট আরও বাড়তে পারে। আর ওই সংকট থেকে আওয়ামী লীগও রক্ষা পাবে না।

আয়োজক সংগঠনের সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

 /আরএআর/এসটি/