খেলার মাঠে ইংল্যান্ড দলকে হারিয়ে আনন্দের জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের সাফল্যের এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। দেশবাসীর এই আনন্দের ঢেউ এসে লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। সবকিছু ছাপিয়ে টাইমলাইন ভরে উঠেছে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকসে দেওয়া সাকিব আল হাসানের স্যালুটের ছবি। পুরো ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভালবাসা, উচ্ছ্বাস আর প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে এই ছবিটি।
ঘটনার শুরু তো আসলে সেই ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তখন কিছু ইংলিশ ক্রিকেটারদের কী কটাক্ষ! অবশ্য শেষ পর্যন্ত ইসিবি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করায় তারা আসতে বাধ্য হয়। তবে মাঠের খেলায় গোল বাঁধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে। ইংলিশ ব্যাটসম্যান বাটলারের সঙ্গে মাঠে তর্কের জের ধরে খেলা শেষে করমর্দনের সময় তামিমের দিকে তেড়ে ফুঁড়ে যান বেন স্টোকস। তখন তামিমকে তর্কযুদ্ধ থেকে সরিয়ে নিয়ে যান সাকিব। এরপর টেস্ট ম্যাচেও ভালো পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশি ব্যাটসম্যানদের খোঁচাতে ছাড়েননি বেন স্টোকস। সেই জ্বালা মেটানোর সুযোগ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেই পেয়ে যান সাকিব আল হাসান। স্টোকসকে আউট করে ব্যাঙ্গাত্মক কায়দায় তাকে স্যালুট দিয়ে প্রকারান্তরে ইংলিশ সিংহদের খাঁচা অর্থাৎ প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন তিনি। সেই স্যালুট উজ্জীবিত করে দলকেও। এর কিছুক্ষণ পরেই আসে ইংলিশ বধের সেই মাহেন্দ্রক্ষণ। অবশ্য এই স্যালুটটি গত বছর গ্রেনাডা টেস্টে এই স্টোকসকে খোঁচাতে প্রথম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। সাকিবেরটা হয়তো তাকে খ্যাপাতে স্যামুয়েলসের অনুকরণ। তবে বিষয়টি ভীষণ উদযাপন করেছেন সারাদেশের ক্রিকেটভক্তরা। তাই ফেসবুকে এই স্যালুটের ছবিকে নিজের প্রোফাইল ছবি করার হিড়িকও পড়ে গেছে।
এ ছবিটি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। সাকিবের স্যালুটের ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন ‘ইয়াপ দ্যাটস হাউ হি স্যালুটস মি অ্যাট হোম’।
অবশ্য স্যালুট নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে কোনও বিরোধে যাননি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সাকিবের স্যালুটের জবাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পাল্টা স্যালুট দিয়েছেন তিনি। একইসঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশের জনগণকেও অভিবাদন জানিয়েছেন তিনি। স্টোকস তার স্ট্যাটাসে লিখেছেন, ‘থ্যাংকস ফর হ্যাভিং আস বাংলাদেশ বিন অ্যা ব্রিলিয়্যান্ট টেস্ট/ওডিআই সিরিজ। স্যালুট টু দ্য সিকিউরিটি অ্যান্ড দ্য পিপল অ্যান্ড অফ কোর্স সাকিব আল হাসান।’
বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেটের জগতে প্রবেশ করে তখন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দিশারী ছিলেন তদানীন্তন ক্রিকেট বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। এখন ক্রিকেট বোর্ডের সঙ্গে না থাকলেও তার হৃদয়ে এখনও বইছে ক্রিকেটের প্রতি ভালোবাসার ফল্গুধারা। তিনি টুইটারে লিখেছেন, ‘মেমরেবল উইন ফর বাংলাদেশ + প্রাইজড স্কেলপ অফ ইংল্যান্ড টু।অনলি আওয়ার এইটথ টেস্ট উইন সিনস ২০০০ বাট দিস ইস অ্যাজ সুইট অ্যাজ দে কাম।’
একটি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় ক্রিকেট উপস্থাপিকা মারিয়া নূর।তিনি তার টাইম লাইনে লিখেছেন, ‘ওহ মাই গড!!! হোয়াট অ্যা ভিকটরি!!! হোয়াট অ্যা ভিকটরি!!! টিয়ারস ওফ জয় ইন মাই আইস! ওহ দ্যাট স্মাইল ওন দেয়ার ফেস হোয়াই দ্যাট মেইকস মি সো ইমোশনাল!’
ভুবন আলাদা কিন্তু ক্রিকেট তো অলক্ষ্যে সব বাংলাদেশিকেই বেঁধে রেখেছে মনের বাঁধনে। তাই আইন-শৃঙ্খলা রক্ষার রুটিন কর্মসূচির মধ্যেও ক্রিকেট দলের জয়কে উদযাপন করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এডিসি সানি সানোয়ার। ফেসবুকে সক্রিয় এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একটি অস্তমিত সূর্যের ছবি পোস্ট করেন যাতে লেখা ছিল, ‘বৃটিশ শাসনের শেষ সূর্য মনে হল যেন আজ আরেকবার ডুবলো।’
/আরজে/টিএন/
আরও পড়ুন:
সেই স্টোকসকে এবার সাকিবের স্যালুট
বাংলা বাঘের থাবায় ইংলিশ ‘সিংহ’ কুপোকাত