গ্লুকোমায় আক্রান্ত কবি হেলাল হাফিজের চিকিৎসার সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি কবির চিকিৎসার দায়িত্ব নেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, রবিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে কবি হেলাল হাফিজ সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী কবির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
হেলাল হাফিজ প্রধানমন্ত্রীকে নিজে কবিতা আবৃত্তি করে শোনান এবং তার দুটি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ এবং ‘কবিতা ৭১’ উপহার দেন।
চিকিৎসকদের একটি সূত্র জানায়, গ্লুকোমা আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সী কবির একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অন্য চোখটির অবস্থাও সংকটাপন্ন।
বিশেষজ্ঞদের মতে, গ্লুকোমা একটি ‘অনিবারণযোগ্য’ রোগ। এতে চোখের উপর চাপ বেড়ে গিয়ে চোখের পিছনের স্নায়ু অকার্যকর হয়ে পড়ে এবং ধীরে ধীরে চোখের দৃষ্টিক্ষমতা নষ্ট হয়ে যায়। খবর বাসস।
/এসটি/