এমপি হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালে

এমপি হান্নান

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আগামী ১১ ডিসেম্বর আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এম এ হান্নান ছাড়া এ মামলার আসামিরা হলেন তার ছেলে রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ (৬৪), মিজানুর রহমান মিন্টু (৬৩) ও মো. হরমুজ আলী (৭৩)। মামলায় পলাতক তিন আসামি  ফখরুজ্জামান (৬১), আব্দুস সাত্তার (৬৪) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩)।

আনুষ্ঠানিক অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সোমবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের  ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

১১ জুলাই হান্নানসহ আটজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মতিউর রহমান গত বছরের ২৮ জুলাই থেকে গত ১১ জুলাই পর্যন্ত তদন্তকাজ সম্পন্ন করেন।

গত বছরের ১ অক্টোবর প্রসিকিউশনের আবেদন ক্রমে এ মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে ওইদিনই ঢাকায় গ্রেফতার হন এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ। ময়মনসিংহ সদর ও ত্রিশালে গ্রেফতার হন বাকি তিনজন।

/ইউআই/এসটি/