দেশে যত্রতত্র ক্লিনিক স্থাপন বন্ধ এবং এগুলো আইন অনুযায়ী পরিচালনা করতে খুব শিগগিরই নীতিমালা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, দেশের প্রতিটি পাড়া মহল্লায় এখন ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে। অথচ এগুলোর বেশিরভাগেরই পর্যাপ্ত ভবন নেই, যন্ত্রপাতি নেই, চিকিৎসক নেই, ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। অথচ ঠিকমতো চিকিৎসা বা রোগ নির্ণয় না করেই এসব প্রতিষ্ঠান বিরাট লাভজনক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
আইন অমান্যকারী বেসরকারি মেডিক্যাল কলেজগুলো বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা আইন অমান্যকারী বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দিয়েছি। আরও বন্ধ করা হবে। আইন মেনে না চললেই তা বন্ধ করে দেওয়া হবে।
দেশে অনেক সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে দেশে খুব ভালো মানের সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন করা হয়েছে। সেখানে ভালো চিকিৎসক দিয়ে রোগীর চিকিৎসা করা হয়।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কার্ডধারী সাংবাদিকদের জন্য সরকারি হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করা হয়। কোনও হাসপাতাল যদি ফ্রি চিকিৎসা না করাতে চায় তাহলে আমাকে জানাবেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ এর সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম এবং নরডিস্ক এন এর হেড অব মার্কেটিং ডা. মোহাম্মদ সাইফুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন।
/আরএআর/টিএন/