জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন সারাদেশে ৫৯ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ১৪ জন পরীক্ষার্থী ও একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ।
পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেএসসি-জেডিসিতে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্যরা পরের বছর ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দেওয়া সুযোগ পান। সারাদেশে প্রথম দিন ২২ লাখ ৪৮ হাজার ১৯৬ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিলেও অনুপস্থিত ছিল ৫৯ হাজার ৬৬১ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ১২ হাজার ৫৬০ জন এবং রাজশাহীতে চার হাজার ৮৩৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ছিল ছয় হাজার ৪১০ জন, যশোরে চার হাজার ৮৬৪ জন, চট্টগ্রামে দুই হাজার ৭০৫ জন, সিলেটে দুই হাজার ৬৫০ জন, বরিশালে তিন হাজার ২৮৮ জন এবং দিনাজপুর বোর্ডে তিন হাজার ৫৯৯ জন।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ১৮ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম দিনের মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১১ জন, বরিশালে দুজন এবং কুমিল্লা বোর্ডের একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়।
দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৭৬১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি-জেডিসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
/এসএমএ/এআর/