দীর্ঘদিন রোগে ভুগে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খান। শনিবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে...রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বেশ কয়েকমাস ধরেই বয়সজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৯ সেপ্টেম্বর গুরুতর হয়ে পড়লে তাকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে কেবিন থেকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে ছিলেন।
ডাক্তার এম আর খান নামে বহুল পরিচিত এই শিশুরোগ বিশেষজ্ঞের পুরো নাম মো.রফি খান। ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশে শিশু চিকিৎসার অন্যতম পথিকৃত ডা. এম আর খান জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। দুস্থ, দরিদ্র মা ও শিশু স্বাস্থ্যসেবায় তিনি প্রতিষ্ঠা করেছেন ডা. এম আর খান-আনোয়ারা ট্রাস্ট। জাতীয় পর্যায়ে শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন ছাড়াও শিশু স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতল, ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল, যশোর শিশু হাসপাতাল, সাতক্ষীরা শিশু হাসপাতালসহ অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি। চিকিৎসার মাধ্যমে দেশসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, ইন্টারন্যাশনাল ম্যানিলা অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। এছাড়াও শিক্ষা, চিকিৎসা, শিশুস্বাস্থ্য সুরক্ষা, দুর্গত অসহায় মানুষের সেবাসহ সমাজকল্যাণমূলক কাজে অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ডা. এম আর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদকে ভূষিত করেছে।
/সিএ/টিএন/