নার্গিসের বাম হাতেও সফল অস্ত্রোপচার

খাদিজা আক্তার নার্গিসরাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন  খাদিজা আক্তার নার্গিসের বাম হাতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত তার বাম হাতে অস্ত্রোপচার করা হয়।
সোমবার রাতে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে খাদিজার বাবা মাসুক মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, খাদিজা অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তার শরীরের বাম অংশ নাড়াচাড়া করতে পারছে বলেই চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কোনওরকম সমস্যা ছাড়াই খাদিজার বাম হাতে অস্ত্রোপচার করা হয়েছে।
খাদিজার বাবা মাসুক মিয়া আরও বলেন, খাদিজা ঠিকমতো খাবার খেতে পারছে। চিকিৎসকদের পরামর্শে তাকে জেলী, পুডিং, স্যুপ, দুধ মধুসহ নরম খাবার দেওয়া হচ্ছে। প্রথম দিকে খাবার খেতে তার যে সমস্যাগুলো হতো তাএখন আর হচ্ছে না। সে  কথা বলতে পারছে, তবে তার বেশিরভাগই অসংলগ্ন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় গুরুতর আহত হন খাদিজা আক্তার নার্গিস। বদরুলের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে খাদিজার মাথার খুলি ভেদ করে মস্তিষ্ক জখম হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অবস্থার অবনতি হলে পরদিন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই স্কয়ারহাসপাতালে খাদিজার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।  তার অবস্থার উন্নতি হওয়ায় ১৩ই অক্টোবর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।তার ডান হাতে অস্ত্রোপচার করা হয় ১৭ অক্টোবর।

/সিএ/এইচকে/