পুরোনো কারাগার শুক্র ও শনিবার খোলা রাখার পরিকল্পনা

পুরাতন কারাগারের ফটক

সফলভাবে আলোকচিত্র প্রদর্শনী সমাপ্ত করার পর সপ্তাহে শুক্র ও শনিবার পুরাতন কারাগার জনসাধারণের জন্য খোলা রাখার পরিকল্পনা করছে কারা অধিদফতর। কারাগারের সংস্কার কাজ শুরুর আগ পর্যন্ত জনসাধারণের জন্য কারাগার ঘুরে দেখার সুযোগ দিতে এই পরিকল্পনা করা হয়েছে। এর আগে গত ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী উপলক্ষে পুরাতন কেন্দ্রীয় কারাগার জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘সফলভাবে আমরা প্রদর্শনী শেষ করেছি। আমরা দেখেছি এই দিনগুলোতে সাধারণ মানুষের কারাগার দেখার আগ্রহ ছিল অনেক। সবার যে কারাগার নিয়ে আগ্রহ আছে সেটা আমরা অবজার্ভ করেছি। মানুষের আগ্রহ দেখেই আমরা পাঁচদিন প্রদর্শনীর পর আরও দুইদিন বাড়িয়েছিলাম। আমাদের পরিকল্পনা আছে শুক্র-শনিবার পুরাতন কারাগার সবার জন্য ওপেন রাখার। সেটা নিয়ে আলোচনা হচ্ছে।’

তিনি আরও জানান, কারাগার খোলা রাখার সিদ্ধান্ত কিছু বিষয়ের ওপর নির্ভর করবে। সপ্তাহে দুইদিন খোলা রাখলে মেনটেইনেন্স কেমন হবে। কার্যক্রম কিভাবে চলবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে।

এছাড়া জনবল সংকট এড়িয়ে কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় সেগুলো নিয়ে ভাবা হচ্ছে বলে জানান ইকবাল হোসেন।

এর আগে চলতি বছরের জুলাই মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরে নবনির্মিত কারাগারে স্থানান্তরিত হয়েছে। পুরোনো কারাগারকে বিনোদনকেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিনোদন কেন্দ্র তৈরির পাশাপাশি কারা অভ্যন্তরে ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ করা হবে। বিনোদনের জন্য পার্ক, জাদুঘর, উন্মুক্ত নাট্যমঞ্চসহ থাকবে নানা আয়োজন।

কারাগারকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করার অংশ হিসেবে জেলহত্যা দিবস উপলক্ষে প্রথমে ৫দিন পরবর্তীতে আরও দু’দিন বাড়িয়ে আয়োজন করা হয় ‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।  কারাগারের ২২৮ বছরের ইতিহাসে প্রদর্শনী উপলক্ষে এবারই প্রথম কারাগারের ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন সাধারণ দর্শনার্থীরা। প্রদর্শনী শেষে আবার বন্ধ হয়েছে নাজিমউদ্দিন সড়কে বহুল আলোচিত পুরাতন কেন্দ্রীয় কারাগার।

তবে সাময়িকভাবে বন্ধ হলেও অচিরেই আবারও সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পুরাতন কারাগারের ফটক। সাধারণ জনগণের আগ্রহের কথা বিবেচনা করে সংস্কারের আগ পর্যন্ত সপ্তাহে দুইদিন কারাগার খোলা রাখার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ।

/আরজে/টিএন/