রাষ্ট্রদ্রোহসহ ৬ মামলার অভিযোগ গঠনের নির্ধারিত তারিখে আদালতে অনুপস্থিত থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার এ আদেশ দেন।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে এ বছরের ২৫ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এ মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদি। এ মামলায় খালেদা জিয়ার উপস্থিতিতে আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।
তবে আদালতে উপস্থিত হয়ে খালেদা জিয়ার আইনজীবী মো.সানাউল্লাহ মিয়া জানান যে, মামলার বিবাদী শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তিনি এ ব্যাপারে আদালতের কাছে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
এছাড়াও ২০১৪ সালের জানুয়ারিতে বিএনপির ডাকা হরতাল ও অবরোধের সময় সংঘটিত নাশকতার দায়ে রাজধানীর দারুস সালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরও ৫টি মামলার অভিযোগ গঠনের শুনানি একই আদালতে হওয়ার কথা ছিল আজ। খালেদা অনুপস্থিত থাকায় তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এ মামলাগুলোর শুনানিও ১ ডিসেম্বরে করার দিন ধার্য করেন আদালত।
/এসআইটি/টিএন/