অবৈধ সরকার পুলিশ বাহিনীকে হাস্যকর বাহিনীতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, 'বিএনপি এক মাস আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। এটি নিয়েও পুলিশ রসিকতা করছে তারা মঙ্গলবার আমাদের ২ ঘণ্টা সমাবেশ করার অনুমতি দিয়েছে। সেটিও আবার ইঞ্জিনিয়ার্সে, যেখানে আমরা চাইনি। আসলে সরকার পুলিশ বাহিনীকে হাস্যকর বাহিনীতে পরিণত করেছে।’
বুধবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র রক্ষা মঞ্চ আয়োজিত নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, 'পুলিশের জন্য আমার মায়া হয়। তাদেরকে সরকার এমন পর্যায়ে নিয়ে গেছে তাদের ভাবমূর্তি বলে কিছু নেই। আজকের প্রধানমন্ত্রী পুলিশকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছে।’
র্যাব, পুলিশ, বিজিবি এখন সরকারের নিয়ন্ত্রণ বাহিনী বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, 'আমরা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। কারণ দলীয় সরকারের অধীনে পুলিশ দলীয় ভূমিকা পালন করে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদু বলেন, 'বাঙ্গালি জাতি বীরের জাতি। এই জাতি সিদ্ধান্ত নিলে যে কোনও মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। সেটি আপনার দলের জন্য সুখকর হবে না।’
তিনি আরও বলেন, 'দল নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনও নির্বাচনে যাবে না। তার মানে এই নয়, আমরা বসে থাকবো আগামী দিনে যদি ভোটারবিহীন নির্বাচন করা হয় বিএনপি তীব্র আন্দোলন গড়ে তুলবে।’
/আরএআর/এসটি/