রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার অনানুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ট্রাম্পকে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ওই বার্তা পাঠানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
অভিনন্দন বার্তায় ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে।’
তিনি বলেন, ‘আমি আশাবাদী আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা ভবিষ্যতে একত্রে কাজ করবো এবং নিরাপদ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবো।’
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের উন্নয়ন দেখতে আসারও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী ট্রাম্পের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার অভিনন্দন বার্তায় ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সমৃদ্ধি কামনা করেছেন।
আরও পড়ুন-
ট্রাম্পের অভিবাসন নীতির শিকার হতে পারে বাংলাদেশিরাও
/পিএইচসি/এসএসজেড/এসটি/এফএস/