লিট ফেস্টে অনেক বড় বড় দেশের সাহিত্যিকরা আসছেন, ইংল্যান্ড আমেরিকান সাহিত্যিকদের আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক ছোট দেশে অনেক ভালো কাজ হচ্ছে, সেসব দেশের সাহিত্যিকদের আমরা দেখতে পাচ্ছি না। শুরুর দিকে নানা রকমের প্রতিবাদ হয়েছে। কিন্তু পরবর্তীতে মনে হয়েছে ‘অ্যাডজাস্টমেন্টের’ প্রয়োজন আছে।ষষ্ঠ লিট ফেস্ট উপলক্ষে বাংলা ট্রিবিউন আয়োজিত সাহিত্য যখন সবার শীর্ষক গোলটেবিল বৈঠকে কথাসাহিত্যিক অদিতি ফাল্গুনী এসব কথা বলেন।
তিনি বলেন, বিশেষ করে আফগানিস্তান, ভুটান, নেপালের মতো দেশগুলো থেকে সাহিত্যিক আনা উচিত বলে মনে করি, এতে আদান-প্রদান আর ও গঠনমূলক হবে। এবং লিটফেস্টের মাধ্যমে এর সম্ভাবনা তৈরি হয়।
এ সপ্তাহের শেষেই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট-২০১৬। বিশ্বের ১৮টি দেশের দুই শতাধিক সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, গবেষকসহ শিল্পবোদ্ধা ও শিল্পানুরাগীদের পদচারণায় মুখর হতে যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বাংলা সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের সরাসরি মেলবন্ধন ঘটাতেই ছয় বছর ধরে চলছে এই আয়োজন। এই উৎসবকে সামনে রেখেই বাংলা ট্রিবিউন আয়োজন করেছে ‘সাহিত্য যখন সবার’ শীর্ষক বিশেষ বৈঠকি।
ঢাকা লিট ফেস্টের পরিচালকেরা, দেশের শীর্ষ স্থানীয় সাহিত্যিক ও সংশ্লিষ্টরা বাংলা সাহিত্যসহ বিশ্ব সাহিত্যের বিস্তৃতি, প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন এই বৈঠকিতে।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলা ট্রিবিউনের প্রকাশক ও ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি ও অনুবাদক কায়সার হক, কবি ও কলামিস্ট মাসুদা ভাট্টি, কথাসাহিত্যিক পাপড়ি রহমান।
/ইউআই/এফএএন/