ইসলামপুর আদর্শ গ্রাম রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

IMG_20161113_114803

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ইসলামপুর আদর্শ গ্রাম রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামের বাসিন্দারা।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা গত ৩৫ বছর ধরে সরকারি বন্দোবস্তের মাধ্যমে চরমজান সোনাউল্লাহ মৌজার ৩৪০৯ দাগে বসবাস করছি। এখানে বসবাসরত সবাই ভূমিহীন। এ গ্রামে প্রায় ৫ বছর আগে আল মোস্তফা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং লি. নামে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এই কোম্পানিটি নদীসহ অনেক খাস জমি দখল করতে শুরু করে। এক পর্যায়ে এই কোম্পানিটি আমাদের গ্রামের জমি দখল করতে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। স্থানীয় সন্ত্রাসী কামাল ও সেলিম ভাণ্ডারির ১০/১২ জন লোক মিলে আমাদের মাথা গোজার ঠাঁই জমিগুলো অবৈধ দখল করতে নানাভাবে নির্যাতন করে আসছে। ৭ নভেম্বর সোমবার রাতে ভূমিহীন মতিউর রহমানের বসত ঘর ও একটি মুরগির খামারে আগুন দিয়ে পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা করে। এর প্রতিবাদ করলে তারা আমাদের উপর চড়াও হয় এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে। এখন এ গ্রামের ভূমিহীনরা শঙ্কায় দিন কাটাচ্ছে।’

ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

/আরএআর/এসটি/