উত্তরায় পার্কিংয়ের নির্ধারিত স্থানে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজউকরাজধানীর উত্তরায় কয়েকটি আবাসিক হোটেল ও হাসপাতালের গাড়ি রাখার স্থান বা পার্কিং এলাকায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উত্তরা মডেল টাউনের ১ নম্বর সেক্টরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি আবাসিক হোটেল, একটি হাসপাতাল ও একটি ভবনের পার্কিং এলাকায় নকশা বহির্ভুত স্থাপনা ভেঙ্গে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক জানিয়েছে, উত্তরার এক নম্বর সেক্টরের ৩, ১০ ও ১৩ নম্বর রোডে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৩ নম্বর সড়কে হোটেল আ্যফোর্ড, মক্কা চক্ষু হাসপাতাল ও হোটেল রিচমন্ডের গাড়ির রাখার স্থানে অবৈধভাবে নির্মিত রিসিপশন, ওয়েটিং রুম এবং খাবারের ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে।
১৩ নম্বর সড়কে হোটেল এয়ার ইনের পার্কিং স্থানে নির্মিত রিসেপশন ও ফাস্টফুডের দোকানও ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩ নম্বর সড়কের একটি ভবনের পার্কিংয়ের জায়গায় সেভ অপটিক নামের চশমার দোকানও উচ্ছেদ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবুল মিয়া। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

/ওএফ/এসএ/