নাসিক নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আইনি নোটিশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশননারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, বাতিল বা স্থগিত চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক।সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধানের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে আলাদা করার মামলা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণায় এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
গত ১৪ নভেম্বর বিকেলে ইসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই, আর ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নুরুজ্জামান তালুকদার।
আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ জানিয়েছেন, ২০১১ সালের ৫ মে এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়। ওই বছরের  ৩০ অক্টোবর নবগঠিত সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে আলাদা করতে হাইকোর্টে একটি রিট দাখিল করেন। ওই সময় এ রিটের শুনানির বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুলটি বর্তমানে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চে বিবেচনাধীন। এ অবস্থায় নির্বাচনের তফসিল আইনি নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে প্রত্যাহার, বাতিল বা স্থগিত করতে বলা হয়েছে।
একইসঙ্গে স্থানীয় সরকার সচিবকে এ নির্বাচন বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায় আইনগত পদক্ষেপের কথা উল্লেখ করাহয় নোটিশে।

জেএ/ এপিএইচ/