হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি’র সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ডিজি জোনানথ এলেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্ল্যাক।
বৈঠকে চলতি বছরের মার্চে যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরোপিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভূমিকা রাখতে তাদের প্রতি অনুরোধ জানান বিমানমন্ত্রী ।
গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং স্থাপনকৃত নিরাপত্তা সরঞ্জামাদি সম্পর্কে অবহিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী তাদের জানান, হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশসমূহের আন্তর্জাতিক বিমানবন্দরের সমপর্যায়ে উন্নীত হয়েছে। আর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যের পরামর্শক প্রতিষ্ঠান ‘রেড লাইন সিকিউরিটিজ’ চলতি বছরের মার্চ থেকে কাজ করছে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্ল্যাক বলেন, যুক্তরাজ্য সরকার হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ ব্যাপারে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে। স্বল্প সময়ের মাঝে যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরোপিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুগল গনি চৌদুরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচ এম জিয়াউল হক উপস্থিত ছিলেন।
/সিএ/টিএন/