অপহৃত চিকিৎসকের উদ্ধারে নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

ডা. মুহাম্মদ ইকবাল

এক মাসেরও বেশি সময় আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে অপহৃত চিকিৎসক ডা. মুহাম্মদ ইকবাল মাহমুদকে উদ্ধারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন। একইসঙ্গে ডা. ইকবালকে উদ্ধারে নিস্ক্রিয়তা কেন কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি), ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

রিটে বলা হয়, ১৪ অক্টোবর রাত ৩টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবের সামনে থেকে সাদা পোশাকধারী লোকজন মাথায় হেলমেট পরিয়ে ডা. ইকবালকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর ধানমণ্ডি থানায় একটি অপহরণ মামলা করা হয়। কিন্তু মামলার তেমন কোনও অগ্রগতি নেই।

ডা. ইকবাল দিনাজপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ২৮তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যোগদান করেন। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজের চিকিৎসক। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে ১০ অক্টোবর ঢাকা হয়ে লক্ষ্মীপুরে যান। সেখানে ছুটি কাটিয়ে ১৪ অক্টোবর ঢাকায় ফিরেই অপহৃত হন।  খবর বাসস।

/এসটি/