পার্বত্য জনগণের ন্যূনতম নাগরিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে: ইউপিডিএফ

ডিআরইউতে ইউপিডিএফ-এর সংবাদ সম্মেলন

পার্বত্য জনগণের ন্যূনতম নাগরিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।  রবিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ অভিযোগ করে। অভিযোগ উত্থাপনের ধারাবাহিকতায় আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় অনুষ্ঠান বর্জনসহ ধারাবাহিক কর্মসূচি ও ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

লিখিত বক্তব্যে ইউপিডিএফ ঢাকা ইউনিটের সংগঠক মাইকেল চাকমা বলেন, দেশে ‘পঞ্চদশ সংশোধনী আইন’ করার ফলে আমাদের জাতিসত্তার স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে। অন্যায়ভাবে সেনাবাহিনী ধরে নিয়ে আমাদেরকে পুলিশের হাতে তুলে দিচ্ছে। পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয়ভাবে যে দমন পীড়ন চলছে, অনিবার্য নিয়মেই তা পার্বত্য চট্টগ্রাম গণ্ডি পেরিয়ে এখন নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর,মনতলা, সুনামগঞ্জের ছাতক বাজার, মৌলভীবাজারের কমলপুর, রাজশাহী, দিনাজপুর ও গাইবান্ধাসহ পুরো দেশে সম্প্রসারিত হচ্ছে। এর বাইরেও রামু-কক্সবাজারসহ আরও বহু স্থানে বহু ঘটনা ঘটেছে। দেশের সংখ্যালঘু, ভিন্ন ভাষা-ভাষী জাতিসত্তা, ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায় এসব আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না।

তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ‘দমনমূলক’  ১১দফা নির্দেশনা জারির পর থেকে ফৌজি শাসনকে বাস্তবে বৈধতা প্রদান করা হয়েছে। সেনা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ ক্ষেত্রে সংবাদ মাধ্যমে সে সব নিপীড়ন নির্যাতনের ঘটনা যথাযথভাবে প্রচার পায় না বলেও দাবি করেন তিনি।

সংগঠনটি এ অবস্থায় আটক নেতাকর্মী-কর্মীদের মুক্তিসহ ৫ দফা দাবি তুলে ধরে।

দাবি আদায়ে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে এ সংগঠনের পক্ষ থেকে। এর মধ্যে কাল ব্যাজ ধারণ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, প্রতীকী অনশন, অফিস আদালত বর্জন, ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় অনুষ্ঠান বর্জন ও স্বেচ্ছায় কারাবরণের কর্মসূচি থাকবে। যথাসময়ে কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও  উপস্থিত ছিলেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, ঢাকা ইউনিটের সদস্য মাইকেল চাকমা,  গণতান্ত্রিক যুব ফোরামের দফতর সম্পাদক রিপন চাকমা,  বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি জেলা কমিটির সভা নেত্রী মন্টি চাকমা প্রমুখ।

/আরএআর/এইচকে/