ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযানে নিহত নব্য জেএমবি’র অর্থদাতা নাজমুল হক ওরফে আব্দুর রহমানের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় তার লাশ হস্তান্তর করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আব্দুর রহমানের কোনও স্বজন তার লাশ নিতে না আসেনি। তার লাশ দাফনের জন্য আজ আঞ্জুমানে মফিদুল ইসলামের মুগদা জোনের ডিউটি অফিসার মোস্তফা কামালের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় র্যাব-৪ এর কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।’
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির বাংলা ট্রিবিউনকে জানান, আশুলিয়ায় জঙ্গি অভিযানের ঘটনায় দায়ের হওয়া মামলাটি তারাই তদন্ত করছেন। তদন্তের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর ঢাকা মেডিক্যালের মর্গ কর্তৃপক্ষের উপস্থিতিতে জঙ্গি আব্দুর রহমানের লাশ তারা আঞ্জুমানের কাছে হস্তান্তর করেছেন।
আঞ্জুমানের ডিউটি অফিসার রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, কার লাশ তারা জানেন না। মর্গ কর্তৃপক্ষ লাশ হস্তান্তরের পর তাদের দায়িত্ব হচ্ছে নিহতের ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা। আজ তারা বিকালে একটি লাশ গ্রহণ করেছেন।
৮ অক্টোবর ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযানে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হন আব্দুর রহমান। পরে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
/জেইউ/এসটি/