পাঁচ তারকা হোটেল সোনারগাঁও এবং রূপসী বাংলার সংস্কার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটি চুক্তি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানার সুপারিশ করে। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির ২১তম বৈঠকে এ সুপারিশ করা হয় বলে কমিটির সভাপতি ফারুক খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের জানানো হয়েছে সোনারগাঁও হোটেলের একটি ফ্লোরের কাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আর রূপসী বাংলার সংস্কারের পরামর্শক গুলশান হামলার কারণে চলে যাওয়ায় তাদের সংস্কার কাজ পিছিয়ে পড়েছে। আমরা দ্রুত কাজ শেষ করার পরামর্শ দিয়েছি এবং কাজে বিলম্ব হওয়ার জন্য চুক্তি অনুযায়ী আর্থিক দণ্ডের সুপারিশ করেছি।’
এদিকে আগামী বছরের শেষ নাগাদ বাংলাদেশ বিমানের ঢাকা-গোয়াংজু সরাসরি ফ্লাইট চালু হবে বলে কমিটিকে মন্ত্রণালয় জানিয়েছে। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, ‘আমরা কমিটির পক্ষ থেকে অনেক আগে ঢাকা গোয়াংজু সরাসরি ফ্লাইট চালুর সুপারিশ করেছে। বুধবারের কমিটির বৈঠকে মন্ত্রণালয়ে এ বিষয়ে তাদের পদক্ষেপের কথা জানিয়েছে। আগামী বছরের অক্টোবর নভেম্বর নাগাদ ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে আমাদের জানানো হয়েছে।’ সপ্তাহে তিনদিন এই ফ্লাইট চলবে বলে ফারুক খান জানান।
ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, কামরুল আশরাফ খান, সাবিহা নাহার বেগম অংশ নেন।
/ইএইচএস/এমএনএইচ/