ন্যাশনওয়াইড মিডিয়া ও জাদু ব্রডব্যান্ডকে সতর্ক করে নোটিশ

 

 

তথ্য মন্ত্রণালয়বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করার অভিযোগে জাদু ব্রডব্যান্ড লিমিটেড এবং ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেডকে সতর্ক করে নোটিশ দিয়েছে সরকার। নোটিশে প্রতিষ্ঠান দুটির ডাউনলিংক করা কোনও বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার হয়েছে কিনা, তা জানাতে  বলা হয়েছে।  বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানতে চেয়ে এই সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়।  

উল্লেখ্য,  জাদু ব্রডব্যান্ড লিমিডেটের স্বত্বাধিকারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেডের কর্ণধার আবুল খায়ের লিটু।

সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত গত ২২ নভেম্বরের নোটিশে প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালককে লেখা নোটিশে বলা হয়, বেশ কয়েকটি বিদেশি টেলিভিশন চ্যানেলের ডাউনলিংক সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়। অনুমতিপত্রে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬-এর ধারা পালনের শর্ত দেওয়া হয়। ওই আইনে বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে দেশের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিদেশি চ্যানেলে এদেশি বিজ্ঞাপন একটি অবৈধ কার্যক্রম। সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে—কোনও কোনও বিদেশি চ্যানেলে বাংলাদেশি দর্শকদের জন্য এদেশীয় বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি সংগঠনও এ বিষয়ে  আপত্তি জানিয়েছে।
এদিকে এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে সম্প্রচাররত কোনও বিদেশি টিভি চ্যানেল এ শর্ত ভঙ্গ করেছে কিনা, তাও জানাতে বলা হয়েছে নোটিশে। পাশাপাশি ন্যাশনাল ওয়াইড মিডিয়া লি. ও জাদু ব্রডব্যন্ড লি. ডাউনলিংকের মাধ্যমে বাংলাদেশে সম্প্রচাররত কোনও বিদেশি টিভি চ্যানেল শর্ত ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করলে ওই টিভি চ্যানেলের সম্প্রচারের অনুমতি কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।  

 /এসএমএ/এমএনএইচ/