‘সীমান্ত খুলে দিয়ে আপাতত রোহিঙ্গাদের জীবন বাঁচান’

15205676_1130692423645761_235268452_o

মিয়ানমারের নিরীহ, অসহায় রোহিঙ্গা মুসলমানদের জীবন বাঁচাতে আপাতত সীমান্ত খুলে দিয়ে তাদের আশ্রয় দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘রোহিঙ্গা মুসলিম গণহত্যা-বিশ্ববাসীর নীরবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘সবার আগে মানুষ, তারপর ধর্ম। ঈশ্বর আগে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তারপর ধর্ম। ফলে কে কোনও ধর্মের তা না দেখে আগে মানুষের জীবন বাঁচাতে হবে। আর এর জন্য রোহিঙ্গাদের জীবন বাঁচাতে দেশে আপাতত তাদের ঠাঁই দেওয়ার আহ্বান করছি।’

জাতিসংঘের সমালোচনা করে বলেন, ‘জাতিসংঘ কেন চুপ? তাদের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করা। সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যেহেতু রয়েছে সেক্ষেত্রে সেই সম্পর্ক ঠিক রেখে রোহিঙ্গাদের রক্ষায় এগিয়ে আসা উচিত সব দেশকেই।’

উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সভাপতি আশরাফ উদ্দিন বকুল, কাবিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

/আরএআর/এসটি/