রোহিঙ্গাদের চিকিৎসা ও শীতবস্ত্র দেওয়ার আহ্বান আসকের





আসকমিয়ানমারের রাখাইনে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চিকিৎসা ও শীতবস্ত্রের অভাবে গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আইন সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের আরাকান রাজ্যে সে দেশের সেনাবাহিনী, বর্ডার গার্ড ও পুলিশ যৌথভাবে নারী, পুরুষ ও শিশুদের গুলি ও হত্যা করছে। নারীদের ধর্ষণ ও বাড়িঘর লুটপাট করছে। এসব অত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশের কুতুপালং ও উখিয়াতে যেসব ধর্ষিত নারী আশ্রয় নিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিয়ানমারের ধর্ষিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নারীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়াসহ ওই ক্যাম্পগুলোতে আশ্রয়প্রার্থীদের সরকারি-বেসরকারি সংস্থা থেকে যেন শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়।
/জেইউ/ এমএনএইচ/