প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: তদন্ত করবে ২টি কমিটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ক্রটির বিষয়টি খতিয়ে দেখতে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

রাশেদ খান মেনন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ টেকনিক্যাল কর্মকর্তা ক্যাপ্টেন ফজলে মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি কমিটি হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আরেকটি কমিটি করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) স্বপন কুমার সরকারকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) চৌধুরী এম জিয়াউল কবির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (ইঞ্জিনিয়ারিং ও মেটারিয়াল মেনেজম্যান্ট)।

প্রধানমন্ত্রীকে বহনকারী সেই বিমানটি

বিমানটি ত্রুটির কারণ খতিয়ে দেখে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে এর জন্য সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও দিতে বলা হয়েছে।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ভিভিআইপি ফ্লাইট বিজি-১০১১ বিমানটি রবিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গতিপথ পরিবর্তন করে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। বিমান কর্তৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জরুরি ভিত্তিতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্ব দিচ্ছেন চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরী। কমিটির অপর সদস্যরা হলেন চিফ অব ফ্লাইট সেফ্টি ক্যাপ্টেন সোয়েব চৌধুরী, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ এবং ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স নিরঞ্জন রায়। কমিটিকে ১ ডিসেম্বর এর মধ্যে পূর্ণ তদন্ত প্রতিবেদন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর নিকট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রবিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছে। হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 /সিএ/এসআই/এসটি/