শাহানুরের চিকিৎসার ব্যয় বহনে রাষ্ট্রকে নির্দেশ

হাইকোর্ট

মেয়েকে হয়রানির প্রতিবাদ করায় বখাটেদের হামলায় দুই পা হারানো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের বর্গাচাষি শাহানূর বিশ্বাসের চিকিৎসার সব খরচ রাষ্ট্রকে বহনে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২২ নভেম্বর শাহানুর বিশ্বাসের ওপর হামলাকারী বখাটেদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে ২৭ নভেম্বর প্রতিবেদন দিতে আদেশ দিয়েছিলেন একই হাইকোর্ট বেঞ্চ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার প্রতিবেদনটি দিতে আরও দুদিন সময় দেন আদালত। শাহানুর বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন বখাটেরা। এর প্রতিবাদ করেন বাবা শাহানুর। এ কারণে গত ১৬ অক্টোবর বখাটে ও প্রভাবশালীরা শাহানুরকে পিটিয়ে গুরুতর আহত করেন।

আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে শাহানুরের দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলাটি করেন শাহানুরের ভাই মহিনূর। মামলার পর তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

হাইকোর্টের গ্রেফতারের আদেশের পরদিন গত ২৩ নভেম্বর বাকি ১৩ আসামি আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠান ঝিনাইদহের একটি আদালত।

আসামিরা হলেন, ওই গ্রামের মাহাবুর রহমান, আযম আলী, মোতালেব হোসেন, বিল্লাল হোসেন, জাহিদ হোসেন, রুহুল আমীন, আরিফ হোসেন, বিপ্লব হোসেন, হাসান আলী, দুখু মিয়া, এমদাদুল হক, আবু তালেব ও কামাল হোসেন।

 /ইউআই/এসটি/