যে দেশে শক্তিশালী বিরোধী দল নেই সেখানে সাংবাদিকরাই শক্তিশালী বিরোধী দলের কাজ করে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে মঙ্গলবার সাধারণ সভার উদ্বোধন কালে এ মন্তব্য করেন তিনি।
উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘বনানীর কোনায় ৫২ বছর মোনায়েম খান জমি দখল করে রেখেছিলেন। কেউ তা উদ্ধারে যাননি। আমরা জোরজবরদস্তি করে দখল করেছি। আমরা যেভাবে নেমেছি আর মিডিয়া আমাদের যেভাবে সাপোর্ট দিচ্ছে তাতে সব জায়গা দখলমুক্ত করে ফেলতে পারব।’ তবে ঢাকা শহরকে যানজট মুক্ত করা এবং এই শহরটাকে শৃঙ্খলায় আনা খুবই মুশকিল বলে মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশে মেয়র বলেন, ‘সাংবাদিকরা আমাদের সম্পদ। কারণ এই দেশে সাংবাদিকতা একটি পার্লামেন্টের শক্তি। যখন কোনও শক্তিশালী বিরোধী পক্ষ না থাকে, তখন কাগজ (সংবাদপত্র) শক্তি হয়ে দাঁড়ায়। এই কাগজের শক্তিই জনসমর্থনের শক্তি।’
ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষঠানে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।
/আরএআর/এসটি/