ধানসিঁড়ি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতরাজধানীর গুলশান-২ নম্বর সার্কেলের অভিজাত রেস্টুরেন্ট ‘ধানসিঁড়ি রেস্তোরাঁ’ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, ট্রেডমার্কবিহীন পণ্য বিক্রি এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় এ জরিমানা করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, ধানসিঁড়ি রেস্তোরাঁটি স্থানীয়ভাবে অত্যন্ত ব্যয়বহুল হিসেবে পরিচিত। সাধারণ রেস্তোরাঁর চাইতে এখানে যেকোনও পণ্যের দাম কয়েক গুণ বেশি। এত বেশি দাম নিলেও পণ্যের মান নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে অসংখ্য অভিযোগ। নিম্নমানের পণ্যও এখানে উঁচু দামে বিক্রি হয়। এসব পণ্যের বেশিরভাগ ট্রেডমার্কবিহীন। এছাড়া রেস্তোরাঁর রান্নাঘরের পরিবেশও অস্বাস্থ্যকর। রেস্তোরাঁর কর্মীদের নেই স্বাস্থ্য সনদ। অসুস্থ কর্মীরাও যথারীতি ক্রেতাদের মাঝে খাবার পরিবেশন করছেন। ভ্রাম্যমাণ আদালতের সামনে এগুলো দৃশ্যমান হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে-২০০৯ ধানসিঁড়ি রেস্তোরাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে একই সড়কের কাপপা কফি রেস্তোরায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় একই ফ্রিজারে বিভিন্ন ধরণের খাদ্যদ্রব্য রাখতে ও লেবেলে উল্লেখিত সর্বোচ্চ খুচরা মূল্যের চাইতে বেশি মূল্যে পণ্য বিক্রি করতে দেখতে পান আদালত। পরিস্থিতি বেগতিক দেখে রেস্তোরাঁর ম্যানেজার ও কর্মীরা পালিয়ে যান। এ কারণে রেস্তোরাঁটি সিলগালা করে দেন আদালত।

গুলশানের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা আদালতকে সহায়তা করেন।

/ওএফ/এআর/