কর্মসূচি প্রসঙ্গে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল বলেন, ‘মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশু হত্যাযজ্ঞের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় মিয়ানমার দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হবে।’
এদিকে মিয়ানমার সরকার যা করছে তা নিশ্চিত যুদ্ধাপরাধ বলে অবহিত করেন হেফাজত নেতারা। তারা বলেন, ‘মিয়ানমারের রাখাইন মগদস্যু আর সেনাবর্বরতায় নিরীহ নিরস্ত্র রোহিঙ্গা মুসলিমদের রক্ত ঝড়ছে। সে দেশের সরকারের পরিকল্পিত আগ্রাসনে প্রাণ হারিয়েছে নারী, শিশু এবং বৃদ্ধসহ হাজারও মুসলিম। ধর্ষিত হচ্ছে অসংখ্য মা-বোন। ভয়ে-আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকেই আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে। অনেক পরিবার সাগরে ভাসছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে জঙ্গলে। একটি সম্প্রদায়কে শুধুমাত্র ধর্মীয় কারণে এভাবে দিনের পর দিন নির্যাতন করে শেষ করে দেওয়া হচ্ছে। সবকিছু দেখেও ওআইসি, জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর নিরবতায় আমরা হতাশ।’
সভায় বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ, অধ্যাপক আহমদ আবদুল কাদের, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মহানগর সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।
/সিএ/এআর/