অর্থ পাচার মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠন বাতিলে করা আবেদন খারিজের আদেশ বহাল রেখেছেন আদালত। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
এ দুটি মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির কর্তার আবেদন খারিজ করে এর আগে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। চেম্বার বিচারপতি সে আদেশ বহাল রেখে নো অর্ডার দিয়েছেন। একইসঙ্গে আগামী ৮ জানুয়ারি শুনানির দিন নির্ধারণ করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে গত ১৭ নভেম্বর হাইকোর্টে এই আবেদন করেন ডেসটিনি গ্রুপের দুই কর্মকর্তা। ২৪ নভেম্বর তাদের আবেদন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন। ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২২ মাস পর ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। দুটি মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে ২৪ আগস্ট অভিযোগ গঠন করেছেন বিচারিক আদালত। সেই আদেশের বিরুদ্ধেই হাইকোর্টে আসেন তারা।
/ইউআই/এসটি/টিএন/