রাজধানীর সাভার ও আশুলিয়ায় চলমান কয়েকটি তৈরি পোশাক কারখানায় চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন শ্রমিকরা। সোমবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আশ্বাসে তারা এ সিদ্ধান্ত নেন। মঙ্গলবার থেকেই কাজে যোগে দেবেন তারা।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিদ্যমান যে আইন রয়েছে তা মেনেই শ্রমিকদের সব সমস্যার সমাধান করা হবে। শ্রমিকদের উদ্দেশে বলি আমাদের ওপর আস্থা রাখেন। সমস্যার সমাধান হবে।’
নৌ-পরিবহনমন্ত্রীর মিন্টু রোডের সরকারি বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, র্যা বের ডিজি বেনজীর আহমেদ, সাভারের স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান এনামে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, ব্যবসায়ী এ কে আজাদ, শিল্প পুলিশের কর্মকর্তরা।
এর আগে, বেশ কয়েকবার সরকার ও মালিকপক্ষ উদ্যোগ নিয়েও শ্রমিকদের কাজে ফেরাতে পারেননি। পরে শ্রমিকদের চলমান বিক্ষোভের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে ডেকে নিয়ে এ বিষয়টি জানতে চান প্রধানমন্ত্রী। এছাড়া যেভাবেই হোক আজকের মধ্যে এ সমস্যার সমাধান করতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
/এসআই/এমও/