নতুন ইসি গঠনের আলোচনায় আরও ৬ দলকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

বঙ্গভবননতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্যায়ে বঙ্গভবন আরও ছয়টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ (মঙ্গলবার) ৬টি রাজনৈতিক দলের অফিসের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।’
প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ ২৭ ডিসেম্বর ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ও ইসলামী ঐক্য জোট, ২ জানুয়ারি ২০১৭ জাতীয় পার্টি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে আলোচনা করবেন।
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পূর্ব-নির্ধারিত শিডিউল অনুযায়ী বিদেশ সফরে থাকবেন। এ কারণে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময়সূচি পুনঃনির্ধারণ করার অনুরোধ করে জাসদ। জয়নাল আবেদীন বলেন, ‘এখন জাসদের সঙ্গে আলোচনার তারিখ ২২ ডিসেম্বরের বদলে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।’
প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন রাষ্ট্রপতি। এরই মধ্যে ১৮ ডিসেম্বর বিএনপি এবং ২০ ডিসেম্বর জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছেন তিনি। আজ বুধবার লিবারেল ডেমেক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠকের কথা রযেছে। বাসস

 

/টিআর/